প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জবি শিক্ষার্থীদের ‘লংমার্চ টু যমুনা’, পুলিশের ব্যারিকেড ভেঙে অগ্রসর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ মে, ২০২৫

আবাসন ভাতা, পূর্ণ বাজেট অনুমোদন ও দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নসহ তিন দফা দাবিতে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে গুলিস্তানে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে যাত্রা শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) দুপুর ১২টা ১৫ মিনিটে গুলিস্তান মোড়ে পৌঁছালে তাদের পথ রোধ করে পুলিশ। তবে বাধা উপেক্ষা করে তারা যমুনা টেলিভিশনের সামনে অবস্থিত প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যান।

এই কর্মসূচির পেছনে রয়েছে মঙ্গলবার (১৩ মে) ইউজিসিতে অনুষ্ঠিত এক বৈঠক, যেখানে শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিরা অংশ নেন। প্রত্যাশিত সিদ্ধান্ত না আসায় জবি শিক্ষার্থীরা ‘জুলাই ঐক্য’ প্ল্যাটফর্ম থেকে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করে।

তাদের তিন দফা দাবি:

  • জবি’র ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি নিশ্চিত করা;
  • ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন দেওয়া;
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প একনেক সভায় অনুমোদনসহ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা।

আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন:
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. মোশাররাফ হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন, যুগ্ম সম্পাদক মো. বেলাল হুসাইন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল ওয়াহিদ, গণঅধিকার পরিষদের সভাপতি একেএম রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে তাদের।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা