প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভুয়া ভিডিও শেয়ার করে বিতর্কে, ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে, ২০২৫

ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভুয়া ও অতিরঞ্জিত তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগ উঠছে বিভিন্ন মাধ্যমে। এরই মধ্যে বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন ভারতের প্রখ্যাত ইংরেজি দৈনিক দ্য হিন্দু-এর পররাষ্ট্র বিষয়ক সম্পাদক স্ট্যানলি জনি।

সম্প্রতি তিনি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি ভিডিও রিটুইট করেন, যেখানে দাবি করা হয়—ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচি বন্দরে হামলা চালিয়েছে। ভিডিওটি দেখে অনেকেই মনে করেন এটি বাস্তব কোনো সামরিক অভিযানের দৃশ্য। তবে পরে যাচাই করে দেখা যায়, ভিডিওটি ভুয়া এবং এর সঙ্গে বাস্তবতার কোনো সংযোগ নেই।

ভুল তথ্য ছড়িয়ে দুঃখপ্রকাশ

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, সোমবার (১২ মে) রাতে স্ট্যানলি জনি এক্সে পোস্ট দিয়ে বিষয়টি স্বীকার করেন এবং তার ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চান।

তিনি লেখেন, “চারপাশে যেমন ঘন কুয়াশা ছড়িয়ে থাকে, তেমনি এখন প্রচার আর প্রোপাগান্ডায় ঘেরা চারদিক। আমি সবসময় যাচাইকৃত তথ্য নিয়েই টুইট করার চেষ্টা করি। কিন্তু কখনো কখনো মনে করি, অন্য একটি প্ল্যাটফর্ম যা দিয়েছে, তা হয়তো সত্যি। এই ভিডিওটি ভুল ছিল—এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

সাংবাদিকতার দায়িত্ব ও সোশ্যাল মিডিয়ার প্রভাব

বিশেষজ্ঞরা মনে করছেন, এমন একজন অভিজ্ঞ ও প্রভাবশালী সাংবাদিকের পক্ষ থেকে ভুয়া তথ্য শেয়ার করা খুবই দুঃখজনক এবং এটি মিডিয়ার দায়িত্বশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

তাদের মতে, ‍ভারত-পাকিস্তানের মতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যাচাইবিহীন কোনো তথ্য প্রচার দুই দেশের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। তাই সাংবাদিকদের আরও বেশি দায়িত্বশীল ও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

পেশাদারিত্বের নজির

তবে অনেকে বলছেন, স্ট্যানলি জনির প্রকাশ্যভাবে ভুল স্বীকার এবং দুঃখপ্রকাশ করা সাংবাদিকতা পেশায় একটি ইতিবাচক বার্তা দেয়। এটি যেমন পেশাদারিত্বের পরিচয়, তেমনি সাংবাদিকদের জন্য সতর্কবার্তাও।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা