প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রেমিক যুগলকে বখাটেদের হাত থেকে উদ্ধার করল বিএনপির নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে, ২০২৫

চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মঠখোলা এলাকায় বখাটেদের কবল থেকে এক প্রেমিক যুগলকে উদ্ধার করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। উদ্ধারকৃত যুবক বখাটেদের হামলায় গুরুতর আহত হলে তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১২ মে) রাতে হাসপাতালে আহত যুবকের খোঁজ নিতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকদের এ তথ্য জানান।

সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে খুলনার রূপসা উপজেলার পুটিমারা গ্রামের হযরত আলী ও চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার আছমা আক্তারের পরিচয় হয় এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ান। পরে তারা মঠখোলায় এক পরিচিতের বাসায় আশ্রয় নিয়ে বিয়ে করেন।

তবে গত ১০ মে, ওই বাসায় একদল বখাটে ঢুকে তাদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। বিষয়টি প্রকাশ্যে আসে ১২ মে। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চিরুনি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে এবং ছিনতাই হওয়া কিছু মালামালও উদ্ধার করে দেয়।

চাঁদপুর পৌর বিএনপির সহসভাপতি মোঃ ওমর ফারুক খান তুহিন বলেন, “এলাকার কিছু মাদক ব্যবসায়ী ও বখাটে যুবকদের কর্মকাণ্ডে সমাজব্যবস্থা নষ্ট হচ্ছে। তারা একদল মেহমান যুবক-যুবতীকে জিম্মি করে মারধর ও ছিনতাই করে। আমরা তাদের উদ্ধার করেছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বলেন, “মঠখোলা শান্তিপ্রিয় এলাকা। কিছু দুষ্কৃতিকারী সমাজের ভাবমূর্তি নষ্ট করছে। প্রশাসনের প্রতি আহ্বান, এসব অপকর্মকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”

ভুক্তভোগী হযরত আলী বলেন, “আমি একজন কাতার প্রবাসী। আমার গলার চেইন, ১২০০ কাতারি রিয়াল, আইডি কার্ড ও অন্যান্য কাগজপত্র ছিনিয়ে নেয়। আমাকে দেশীয় অস্ত্র দিয়ে মারধরও করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।”

আছমা আক্তার জানান, “আমরা বিবাহিত। কোনো অনৈতিক কাজ করিনি। আমাদের সঙ্গে যা হয়েছে তা অমানবিক। প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি।”

চাঁদপুর সদর মডেল থানার এএসআই সেলিম মিয়া জানান, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করি। পরে নেতাকর্মীরা যুবকটিকেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, “ঘটনার তদন্ত চলছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ নিয়ে আমরা আইনি পদক্ষেপ নেবো। ইতোমধ্যে কয়েকজন সন্দেহভাজনের নাম পাওয়া গেছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা