প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেখ হাসিনার বিরুদ্ধে ৬০৬টি হত্যা মামলা, তদন্তে ধীরগতি নিয়ে প্রশ্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে, ২০২৫

জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণআন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে দেশজুড়ে মোট ৬০৬টি হত্যা মামলা দায়ের হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান এসব মামলার তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

ঢাকা মহানগর এলাকার ৫০টি থানায় দায়ের হয়েছে ৩৮৮টি মামলা। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে যাত্রাবাড়ী থানায়—মোট ১১২টি। অন্যান্য থানার মধ্যে মোহাম্মদপুরে ১৩টি, মিরপুরে ১৬টি, ধানমন্ডিতে ৯টি, শাহবাগে ৮টি, ওয়ারিতে ৫টি, চকবাজারে ৬টি, উত্তরা পশ্চিমে ১২টি ও উত্তরা পূর্ব থানায় ৮টি মামলা হয়েছে।

এছাড়া বিভাগীয় শহরগুলোতেও মামলার সংখ্যা উল্লেখযোগ্য। চট্টগ্রামে ২৪টি, রাজশাহীতে ১২টি, খুলনায় ৯টি, ময়মনসিংহে ৮টি, রংপুরে ৭টি, সিলেটে ৫টি এবং বরিশালে ৬টি মামলা দায়ের হয়েছে।

ডিএমপি মুখপাত্র তালেবুর রহমান জানান, “কিছু মামলার তদন্ত অনেকদূর এগিয়েছে। আশা করছি অচিরেই কয়েকটি মামলার প্রতিবেদন আদালতে জমা দেওয়া যাবে।”

এদিকে মানবাধিকার কর্মী ও আইনজীবী সারা হোসেন মনে করেন, “এসব মামলা নির্ভুলভাবে পরিচালনার জন্য একটি বিশেষায়িত কমিটি গঠন করা প্রয়োজন। মামলাগুলোর স্বচ্ছ তদন্ত ও সঠিক বিচারের মাধ্যমে জনগণের আস্থা ফেরানো জরুরি।”

তিনি আরও বলেন, “তদন্ত কোথায় পর্যন্ত পৌঁছেছে এবং মামলাগুলোর সম্ভাব্য পরিণতি কী হতে পারে— সে বিষয়ে জনগণের সামনে একটি স্পষ্ট চিত্র উপস্থাপন করা উচিত।”

উল্লেখ্য, মামলাগুলোর অধিকাংশ এজাহারে শেখ হাসিনাকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে মামলাগুলোর তদন্তে দীর্ঘসূত্রিতার অভিযোগ থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটিকে ‘প্রয়োজনীয় যাচাই-বাছাই প্রক্রিয়া’ হিসেবে দেখছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা