প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কালকিনিতে বাসের হর্নকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ১০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে, ২০২৫

মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসের উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার (১২ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনি থেকে ঢাকাগামী ‘সার্বিক পরিবহন’ নামের একটি বাসের চালক অহিদুল ব্যাপারী রেন্ডিতলা এলাকায় হর্ন দিলে, পাশে থাকা মোটরসাইকেল আরোহী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে মেহেদির স্বজনরা বাসটি থামিয়ে চালককে মারধর করেন।

পরে ঘটনাটি ছড়িয়ে পড়লে চালক ও মেহেদির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। স্থানীয়রা জানান, উভয় পক্ষই একই এলাকার হওয়ায় ঘটনার দ্রুত বিস্তার ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়।

আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র‍্যাব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।”

ঘটনার তদন্ত চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা