অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঐক্যের টানা আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের সবধরনের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত অনুযায়ী শুধু মাঠের রাজনীতিই নয়, অনলাইনেও নিষিদ্ধ হচ্ছে দলটির উপস্থিতি।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাইবার স্পেসে আওয়ামী লীগের সবধরনের প্রচার-প্রচারণা ও কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ লক্ষ্যে এখন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত পরিপত্র আকারে জারি হওয়ার অপেক্ষায় রয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে দলটির একটি ভেরিফায়েড পেজ রয়েছে, যার ফলোয়ার সংখ্যা প্রায় ৪০ লাখ। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ঘোষণার পরপরই ওই পেজে একটি প্রতিবাদ পোস্ট দেওয়া হয় এবং পরে দলীয় বিবৃতিও প্রকাশ করা হয়। এরপরও পেজটি থেকে নিয়মিত পোস্ট করা হচ্ছে।