প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক দুর্জয় সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া ভৈরব এলাকার দুর্জয় মিয়া (২২) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

শনিবার (১০ মে) ভোরে ফেনীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত দুর্জয় কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামের ইসমাঈল মিয়ার ছেলে। পরিবারে চার ভাই ও এক বোনের মধ্যে দুর্জয় ছিলেন তৃতীয়।

নিহতের স্বজনরা জানান, ভৈরবে জুলাই ছাত্র জনতার আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন দুর্জয়। গত ১৯ জুলাই ভৈরবে আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করতে পারেনি তার পরিবার। পরবর্তীতে জীবিকার তাগিদে দুর্জয় পেশা হিসেবে ট্রাকচালকের সহকারী হিসেবে কাজে যোগ দেন। শনিবার ভোরে ফেনীতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তিনি মারা যান। শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, দুর্জয় জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ছিলেন। জীবিকার তাগিদে ট্রাকের সহকারী হিসেবে কাজ করতেন। শনিবার ভোরে ফেনী এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। তার মৃত্যুতে পুরো এলাকার মানুষ শোকে স্তব্ধ হয়ে পড়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা