প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে হত্যা, প্রতিবাদে ঘাতকের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মে, ২০২৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে গাজীপুরের শ্রীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে জিহাদ হাসান জয় (১৫) নামের এক স্কুলছাত্রকে খুনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (৯ মে) রাত ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের লোহাগাছ ফালু মার্কেট-সংলগ্ন সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই উত্তেজিত জনতা অভিযুক্ত মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দিলে ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়।

নিহত জিহাদ হাসান জয় ওই গ্রামের মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় পুলিশ রাতেই মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে আটক করেছে।

নিহতের বাবা বলেন, শুক্রবার রাত ১০টার দিকে লোহাগাছ সরকার মার্কেট এলাকায় ফুটবল খেলা নিয়ে জয়ের সঙ্গে একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হকসহ তার বন্ধুদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মোজাম্মেল বাড়ি থেকে ছুরি এনে জয়কে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জয়কে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা