প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মে, ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার (৯ মে) বিকেল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন স্তরের মানুষও এতে অংশ নিয়েছেন। এছাড়া উত্তরায় ব্লকেড কর্মসূচীর খবর পাওয়া গেছে।

বিক্ষোভের কারণে বিকেল সাড়ে ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশ থেকে শাহবাগ মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব ছড়িয়ে পড়ে রাজধানীর অন্যান্য এলাকাতেও। বন্ধ হয়ে গেছে শাহবাগ, সায়েন্সল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখে যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

আন্দোলনের নেতৃত্বে থাকা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের অগ্রগতি সেদিন থেকে শুরু হবে, যেদিন বাংলাদেশ টাইটেল পাবে ‘বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ’।

তিনি আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন।

বিক্ষোভে স্লোগানের ঝড়

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে শাহবাগ মোড় উত্তাল করে তুলেছে। ব্যান করো, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?, গোলামি না আজাদি-আজাদি, আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকাসহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ এলাকা। অনেকে গানে গানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছেন।

শাহবাগে অটল অবস্থান

আন্দোলনকারীরা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তাদের মতে, সংগঠিত অপরাধ, দমনপীড়ন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়ে দলটির অস্তিত্ব বিলুপ্ত করা সময়ের দাবি।

বিক্ষোভে অংশ নেওয়া নওয়াজ উদ্দিন বলেন, আমাদের দাবি একটাই-আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। খুনি শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিচারের আওতায় আনতে হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা