থেমে থাকা অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন—সামাদ ফকির (৬০), তার ছেলে হাফেজ বিল্লাল (৪০), সামাদ ফকিরের মেয়ে আফসানা (২০) ও অ্যাম্বুলেন্স চালক মাহবুব (৪০)। আহতরা হলেন—শারমিন আক্তার (২৭), তার মেয়ে তাসকিয়া (৩) ও তার ভাগ্নি মারিয়াম (৭)।
সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে। এর মধ্যে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা ফায়ার সার্ভিসের ওয়ারলেস অফিসার মো. আরিফ আনোয়ার বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সের চাকা ব্লাস্ট হওয়ার কারণে চাকা ঠিক করছিল। এ সময় দক্ষিণবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস এসে অ্যাম্বুলেন্সের যাত্রীদের ওপর উঠিয়ে দেয়।
হাষাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরে চারজনকে মৃত্যু ঘোষণা করা হয়েছে।