প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষঃ নিহত এক, গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মে, ২০২৫

ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দা-বটিসহ ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়েছে দুই পক্ষ। এ সময় প্রতিপক্ষের এলোপাতাড়ি আঘাতে মোস্তফা মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত। 

বুধবার (৭ মে) দুপুরে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ বিকেলে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করে।

আটকরা হলেন, রুবেল মিয়া (৩৩) ও আলাউদ্দিন মিয়া (৩৫)। তারা সম্পর্কে আপন ভাই।

এ ঘটনায় মোস্তফা মিয়া ছাড়াও তার ছেলে ও মেয়েসহ তিন জন আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাউশিয়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন ও রুবেলদের একটি ছাগল প্রতিবেশি মোস্তফাদের জমির ঘাস খেয়ে ফেলে। এ নিয়ে দুই পরিবারের নারীরা ঝগড়ায় লিপ্ত হন। পরে এ ঝগড়ায় বাড়ির পুরুষরাও যুক্ত হন। এ সময় উভয় পক্ষ দা-বটি নিয়ে একে অপরের সঙ্গে মারামারিতে লিপ্ত হন। একপর্যায়ে আলাউদ্দিন ও তার ভাই রুবেল প্রতিবেশী মোস্তফা মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে তাকে উদ্ধার করে নরসিংদী  সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেলে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আলাউদ্দিন ও রুবেলকে আটক করে পুলিশ।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। আমরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করি। তাদের আদালতে সোপর্দ করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা