প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উপদেষ্টাদের তিন এপিএসের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মে, ২০২৫

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৪ মে) বিকালে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

এর আগে গত ২৫ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেছিলেন, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ পাওয়া গেছে সেগুলো খতিয়ে দেখবে দুদক। উপদেষ্টাদের সহকারীদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে যে অভিযোগ উঠেছে, সেটা আইন অনুযায়ী কমিশনের যাচাই-বাছাই সেল থেকে পরীক্ষা-নিরীক্ষার পর কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

গত ২২ এপ্রিল যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকেও অব্যাহতি দেওয়া হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা