প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৯ টাকা কমেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ মে, ২০২৫

এলপিজি গ্যাসের দাম ভোক্তা পর্যায়ে ১৯ টাকা কমেছে। চলতি মে মাসের জন্য ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম এক হাজার ৪৫০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

কমেছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ৮৪ পয়সা কমানো হয়েছে।

এছাড়া সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৪৯১ টাকা, ১৫ কেজির দাম ১৭৮৯ টাকা, ১৬ কেজির দাম ১৯০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ কেজির সিলিন্ডারের দাম ২১৪৬ টাকা, ২০ কেজির দাম ২৩৮৫ টাকা, ২২ কেজির দাম ২৬২৩ টাকা, ২৫ কেজির দাম ২৯৮১ টাকা, ৩০ কেজির দাম ৩৫৭৭ টাকা, ৩৩ কেজির দাম ৩৯৩৫ টাকা, ৩৫ কেজির দাম ৪১৭৩ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৫৩৬৬ টাকা।

এদিকে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজিপ্রতি ১১৭ টাকা ৬ পয়সা থেকে কমিয়ে ১১৫ টাকা ৪৯ পয়সা নির্ধারণ করেছে কমিশন।

এর আগে গত এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি। গত ৩ মার্চ ওই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৭৮ টাকা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা