প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘রাখাইনে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে মানবিক চ‍্যানেল হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ মে, ২০২৫

রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

রোববার (৪ মে) বিইউপি ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি। এটা মানবিক করিডোর নয়, এটা মানবিক চ‍্যানেল। করিডোরের ব‍্যাখ‍্যা/সংজ্ঞা আলাদা। এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে। দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই।

রোহিঙ্গা ইস্যুতে খলিলুর রহমান বলেন, রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে-এটাই আমাদের বিশ্বাস। আমরা মনে করি, তাদের ফিরে যাওয়ার একটি পথ আমরা খুঁজে পাবো। এটা সহজ হবে না, কিন্তু আমরা এটি বাস্তবায়ন করবো।

সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা ইস্যুতে সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয়, সংঘাতের মধ্য দিয়েই সমাধান হয়। ইতিহাস তাই বলে। এ সময় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতা যুদ্ধকে উদাহরণ হিসেবে দেখান উপদেষ্টা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা