প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১০ হাজার হজযাত্রীর ভিসা আবেদন জমা দেয়নি এজেন্সিগুলো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ মে, ২০২৫

১০ হাজার হজযাত্রীদের জন্য ভিসার আবেদন করতে হবে সোমবার (৫ মে) দুপুর ১২টার মধ্যে। তা না হলে ওই হজযাত্রীরা এবার হজে যেতে পারবেন না।

রোববার (৪ মে) লিড বা সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এখনও ১০ হাজারের বেশি হজযাত্রীর ভিসা হয়নি বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

চিঠিতে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শনিবার (৩ মে) দুপুর ১২টায় জরুরি ক্ষুদেবার্তা পাঠিয়ে জানিয়েছে, যেসব হজযাত্রীর পাসপোর্ট, বায়োমেট্রিক, হোটেল বা বাড়ি ও ফ্লাইটের তথ্য দিয়ে এখনও ভিসার আবেদন দাখিল করা হয়নি তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ ৫ মে দুপুর ১২টার মধ্যে ভিসার আবেদন নুসুক মাসার প্ল্যাটফর্মে দাখিল করতে হবে। ওই সময়ের পরে নুসুক মাসার প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কোনোভাবেই ভিসার আবেদন দাখিল করা যাবে না। উল্লিখিত সময়ের মধ্যে যে হজযাত্রীদের ভিসার আবেদন দাখিল করা হবে না তারা ২০২৫ সালে হজে যেতে পারবেন না।

যেসব হজযাত্রীর ভিসার আবেদন নুসুক মাসার প্ল্যাটফর্মে এখন পর্যন্ত দাখিল করা হয়নি তাদের পাসপোর্ট, বায়োমেট্রিক এনরোলমেন্ট, বাড়ি বা হোটেল ও ফ্লাইটের তথ্যসহ ভিসার আবেদন আগামী ৫ মে দুপুর ১২টার মধ্যে জমা দিতে সংশ্লিষ্ট সব লিড এজেন্সিকে অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, হজ এজেন্সির অবহেলার কারণে কোনও হজযাত্রীর ভিসার আবেদন ৫ মে দুপুর ১২টার মধ্যে দাখিল করা না হলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট লিড এজেন্সিকে বহন করতে হবে। এ ক্ষেত্রে সমন্বয়কারী এজেন্সির কোনও অবহেলা দেখা গেলে তাদেরও এ বিষয়ে দায়-দায়িত্ব বহন করতে হবে। লিড এজেন্সি বা সমন্বয়কারী এজেন্সির অবহেলার কারণে কোনও হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হলে ওই সমন্বয়কারী এজেন্সি বা লিড এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১ ও হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চলতি বছর হজ পালনের জন্য এখন পর্যন্ত সর্বমোট ২২ হাজার ২০৩ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে দুই জন হজযাত্রী মারা গেছেন। রবিবার সকালে হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা