প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৫৭০ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ মে, ২০২৫

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা।

শনিবার (৩ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (৪ মে) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ৪৮৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকা।

সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫ টাকা কমিয়ে ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার ভরি ৩৫ টাকা কমিয়ে ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৬ টাকা।

এর আগে গত ২৩ এপ্রিল সোনার দাম ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করে বাজুস। এ নিয়ে চলতি বছর ২৭বার দেশের বাজারে সমন্বয় করা হলো সোনার দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ১৯বার, আর কমেছে মাত্র ৮বার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা