ভাগ্যের কি নির্মম পরিহাস! স্বামীর মরদেহের পাশে বসেই নববধূ তার জীবনের স্মরণীয় ‘বাসর রাত’ কাটিয়ে দেন।
শুক্রবার (২ মে) বিকেলে মেহেদী মাখা হাত, পরনে লাল শাড়ি ও অশ্রু ভেজা চোখের অপলক দৃষ্টিতে শেষবারের মতো মৃত স্বামীকে বিদায় জানান লাভলী আক্তার (২১)।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের শাহ জামালের মেয়ে লাভলীর সঙ্গে একই উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে খালেকুজ্জামান ডিউটের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে বৃহস্পতিবার সারাদিন দুই পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে খাওয়া-দাওসহ নানা আনন্দ-উৎসব চলছিল। বরের বাড়িতে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব এবং পাড়া প্রতিবেশীদের খাওয়া-দাওয়া শেষে আত্মীয়-স্বজনরাও অনেকেই বিদায় নিয়েছেন।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে নববধূ মেহেদী মাখা হাত, লাল শাড়ি পরে বাসর (ফুলশয্যা) রাতে বিছানায় বসে বরের জন্য অপেক্ষা করছিলেন। বর খালেকুজ্জামান ডিউট বাড়িতে আত্মীয়স্বজনদের সঙ্গে কথা শেষে রাত ১২টার দিকে বাসর ঘরে প্রবেশ করেন। এ সময় নববধূর কাছে এক গ্লাস পানি চান এবং মুহূর্তে চিৎকার দিয়ে মেঝেতে পড়ে যান। পরে নববধূর আত্মচিৎকারে বাড়ির লোকজন এসে বর ডিউটকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। পরে বাড়ির লোকজন নিশ্চিত হন হৃদরোগে তার মৃত্যু হয়েছে।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুল ইসলাম মিয়া শোহেল খালেকুজ্জামান ডিউটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়তির ওপরে তো কারো হাত নেই। তবে এমন হৃদয়বিদারক ঘটনা খুবই কম দেখা যায়। বাসর রাতেই স্ত্রী বিধবা! খুবই কষ্টদায়ক ঘটনা। শুক্রবার বিকেল ৩টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।