প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পাকিস্তানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত দেশে ফেরার আহ্বান ভারতের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫

পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার পর বেশ উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক। ভারত অভিযোগ করছে, পরোক্ষভাবে এ হামলায় পাকিস্তান জড়িত। জম্মু-কাশ্মিরের স্থানীয় পুলিশ তিন হামলাকারীর নাম প্রকাশ করেছে। যারমধ্যে দুইজন পাকিস্তানি বলে দাবি করেছে তারা।

এসবের মধ্যে ভারত ও পাকিস্তান উভয় দেশের বিরুদ্ধে পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়েছে। এরমধ্যে আজ বৃহস্পতিবার ভারত নতুন করে ঘোষণা দিয়েছে, তারা পাকিস্তানি নাগরিকদের আর কোনো ভিসা দেবে না। এরসঙ্গে নিজ দেশের নাগরিকদের দ্রুত সময়ে পাকিস্তান ছাড়তে বলেছে তারা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ভারতীয়দের পাকিস্তানে ভ্রমণ থেকে বিরত থাকতে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হলো। যেসব ভারতীয় এখন পাকিস্তানে অবস্থান করছেন তাদেরও দ্রুত দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হলো।”

এরআগে মেডিকেল ভিসা-সহ পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা স্থগিতের ঘোষণা দেয় নয়াদিল্লি। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইতোমধ্যে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সব ধরনের বৈধ ভারতীয় ভিসা আগামী রোববার (২৭ এপ্রিল) থেকে বাতিল হয়ে যাবে।

এছাড়া ওই দেশের নাগরিকদের দেওয়া সকল মেডিকেল ভিসাও মঙ্গলবার (২৯ এপ্রিল) পর্যন্ত বৈধ থাকবে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতে অবস্থানরত সকল পাকিস্তানি নাগরিককে সংশোধিত এই সময়সীমার মধ্যে অবশ্যই ভারত ত্যাগ করতে হবে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, যেসব পাকিস্তানি নাগরিকের কাছে ভারতীয় ভিসা রয়েছে, তারা ভারত ত্যাগ করার জন্য ৭২ ঘণ্টার সময় পাবেন। ভিসা বাতিলের পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবাও স্থগিত করেছে ভারত। এর ফলে পাকিস্তানি নাগরিকরা ভারত ভ্রমণের জন্য কোনও ধরনের নথি পাবেন না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিজ নাগরিকদের পাকিস্তান থেকে ফেরার পরামর্শ দেওয়ায় ভারত শিগগিরই পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, গত মঙ্গলবার কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানির ঘটনার পর ভারতের পক্ষ থেকে বুধবার বেশ কিছু কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা