প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তদবির প্রথা এখনও বন্ধ হয়নিঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অনেকেই তদবির করেন। তদবির প্রথা এখনও বন্ধ হয়নি। উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। যাদের অনেককেই আমি চিনি না। ফলে, আমার নামে কেউ তদবির করলে প্রথমে চা-নাশতা খাওয়াবেন। তারপর এলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।

মঙ্গলবার বিকালে যশোর জেলার সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর পুলিশে নিয়োগ বাণিজ্য বন্ধ করা সম্ভব হয়েছে। বদলি বাণিজ্যও নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুলিশকে মাঠপর্যায়ে কাজ করতে হবে। তবে, পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে না। গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করতে হবে। পাশাপাশি জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের উপরেও নজরে রাখতে হবে।

পুলিশে তেলবাজি ব্যবস্থা ফেরার চেষ্টা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এটি বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে কমিউনিটি পুলিশিং বাড়াতে হবে।

মাদককে বড় সমস্যা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদকের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে হবে। মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না। আমরা নিরাময় কেন্দ্র খুলতে চাই না, মাদক বন্ধ করতে চাই।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা