প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশকে আবারও সতর্ক করল ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায়কে অপহরণ ও নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শনিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশ চন্দ্র রায়কে অপহরণ ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

পোস্টে তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক ও পদ্ধতিগত নির্যাতনের একটি অংশ, যেখানে আগের এমন ঘটনার অপরাধীরাও শাস্তি না পেয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে।

তিনি বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আবারও অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি যে, তারা যেন কোনও অজুহাত তৈরি না করে কিংবা কোনও প্রকার ভেদাভেদ না করে, সব সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে সতর্ক করে বলেছিলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়। তারপরে অবশ্য ঢাকার তরফ থেকে পালটা বিবৃতি দিয়ে ওয়াকফ ইস্যুতে সুর চড়াতে শোনা যায়। এর মধ্যেই ভবেশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।

জানা গেছে, দিনাজপুরের বাসুদেবপুর গ্রামে নিজ বাসা থেকে ১৭ এপ্রিল অপহৃত হন ৫৮ বছর বয়সী ভবেশ চন্দ্র রায়। ওইদিন রাত ১০ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা