প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চোখে গুলি করে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৫

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হাসিবুল আলম (২৪) নামে এক যুবককে ধরে নিয়ে গিয়ে চোখে গুলি করেছে। এ ঘটনায় সীমান্ত উত্তেজনার কারণে বিজিবি ও পুলিশ অবস্থান করছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনাটি ঘটে ওই উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব ৬ এস পিলারের কাছে। আহত হাসিবুল ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, হাসিবুলসহ কয়েকজন ওই সীমান্তে বাংলাদেশি জমিতে ঘাস কাটতে যায়। এ সময় ভারতের শীতলকুচি এলাকার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফর টহলদল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। ওই টহলদল বাংলাদেশে প্রবেশ করে পেছন থেকে হাসিবুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ সময় তাকে বিএসএফর গাড়িতে তোলার সময় চোখে গুলি করে। পরে তাকে কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করায় বিএসএফ। সীমান্তের একটি সূত্র বিষয়টি জানিয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবী বলেন, ‘সীমান্তবর্তী লোকজন আমাকে জানিয়েছেন হাসিবুল নামে এক যুবককে ভারতীয় বিএসএফ সীমান্ত থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করেছে। আমি সীমান্তেই আছি।’

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা