প্রবল বালুঝড় বয়ে গেছে রাজধানী বাগদাদসহ ইরাকের বিভিন্ন প্রদেশের ওপর দিয়ে । এতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৩ হাজার ৭৪৭ জন।
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈফ আল বদর রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আইএনএ-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গতকাল মঙ্গলবার বাগদাদ এবং আরও কয়েকটি প্রদেশে বালুঝড় হয়েছে। এতে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিচিৎসা নিতে এসেছেন কমপক্ষে ৩ হাজার ৭৪৭ জন। অসুস্থদের সবাই শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন।”
সাঈফ আল বদর জানান, রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় শহর আল মুথান্নায়। বাগদাদে ১ হাজার ১৪ জন এবং আল মুথান্নায় ৮৭৪ জন মঙ্গলবারের বালুঝড়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। বাকি রোগীরা অন্যান্য অঞ্চলের।
“গুরুতর অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। আমাদের ওষুধ, মেডিকেল সাপ্লাই কিংবা অক্সিজেন— কোনোটিরই অভাব নেই,”আইএনএ-কে বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের জেলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে ইরাকের স্থান পঞ্চম।
সূত্র : আনাদোলু এজেন্সি