প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ৫০ বছর পূর্তি ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সোনারগাঁয়ে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা। সোমবার (১৪ এপ্রিল) লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়া সুমনার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই মেলা, যা চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য চন্দ্র শেখর সাহা, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান প্রমুখ।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম বলেন, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলো। পাশাপাশি সোনারগাঁ জাদুঘরের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হবে। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে জামদানি, শতরঞ্জি, নকশিকাঁথা, মৃৎশিল্প, দারুশিল্প, হাতপাখা, কাঠখোদাই শিল্প, পটচিত্রশিল্প, শোলা শিল্প, বাঁশ-বেত শিল্প এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন এবং বিপণনের সুযোগ রয়েছে।

এদিকে নববর্ষের এই মেলা উপলক্ষ্যে ফাউন্ডেশনের প্রধান ফটক থেকে শুরু করে উৎসব প্রাঙ্গণ পর্যন্ত রঙ-বেরঙের বাতি ও বিভিন্ন প্রাচীন মোটিফ দিয়ে সাজানো হয়েছে ফাউন্ডেশন চত্বর। তাছাড়া বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ গাড়িতে চলছে বৈশাখী প্রচারণা এবং ফাউন্ডেশন চত্বরে থাকছে জমকালো আয়োজন ও লোকজ মঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়াও উৎসব চলাকালীন প্রতিদিনই থাকবে বাউল গান ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ, হালখাতা, বায়স্কোপ, সাপের খেলা, নাগরদোলাসহ গ্রামীণ বিনোদনের নানা আয়োজন। থাকছে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা— তিন গুটি, সাত গুটি, বাঘবন্দ, কানামাছি, গোল্লাছুট, বউচি ও কপাল টোক্কা। আর রসনা তৃপ্তির জন্য থাকবে মুখরোচক সব বাঙালি খাবার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা