সৌদি আরব ভারতীয়দের বেসরকারি হজ কোটা ৮০ শতাংশ হ্রাস করেছে। গত ১২ এপ্রিল এ পদক্ষেপ নিয়েছে দেশটি।
জম্মু ও কাশ্মিরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি উভয়েই এতে উদ্বেদ প্রকাশ করেছেন। পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে শিগগিরই এ ব্যাপারে সৌদির সঙ্গে যোগাযোগ করতে আহ্বানও জানিয়েছেন তারা।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ওমর আবদুল্লাহ বলেন, সৌদির এই সিদ্ধান্তের ফলে চলতি বছর হাজার হাজার ভারতীয় মুসলিমের হজযাত্রা গুরুতর অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
কী কারণে সৌদি এ সিদ্ধান্ত নিল— তা জানা যায়নি। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এবং এর বিপরীতে নয়াদিল্লি কোনো পদক্ষেপ নিয়েছে কি না— তা ও এখনও অজানা।
প্রতি বছর হজ করার জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো ভারত থেকেও সৌদি আরবে যান লাখ লাখ মুসলিম। দেশটির হজযাত্রীদের জন্য সরকারি-বেসরকারি উভয় ধরনের কোটার ব্যবস্থা রেখেছে সৌদি।
ভারতীয় হজযাত্রীদের জন্য বেসরকারি কোটা হ্রাস করা হলেও সরকারি কোটায় কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানা গেছে।
সূত্র : মিন্ট, হিন্দুস্তান টাইমস