প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে রণক্ষেত্র!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫

 

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বরে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে কথা কাটাকাটির জেরে দুই শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। এতে তারা গুরুতর আহত হন।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে বিক্ষোভকারীরা টিএসসিতে জড়ো হতে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন কলেজ ও নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। দুপুর দেড়টার দিকে রাজু ভাস্কর্যের সামনে ভুল বোঝাবুঝি থেকে এই সহিংস ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আহতরা হলেন—আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালেদ হাসান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানি সরকার।

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রাইয়ান ফেরদৌস জানান, বিক্ষোভের প্রস্তুতির সময় খালেদ ও সানি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ফিলিস্তিনের পতাকা আনতে টিএসসি যাচ্ছিলেন। এ সময় রাজু ভাস্কর্যের কাছে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। এই বাকবিতণ্ডা থেকেই ভুল বোঝাবুঝির সূত্রপাত, যা দ্রুতই সহিংসতায় রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় ৫০-৬০ জনের একটি দল “ইসলাম বিদ্বেষী” তকমা দিয়ে সানিকে লক্ষ্য করে আক্রমণ চালায়। তাকে বাঁচাতে এগিয়ে যাওয়া শিক্ষার্থীরাও মারধরের শিকার হন। মারধরের পর সানিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথার সিটিস্ক্যান ও এক্স-রে করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত হলেও গুরুতর শারীরিক আঘাত পেয়েছেন। হাসপাতালে নেওয়ার পথেও তার ওপর পুনরায় হামলার চেষ্টা করা হয়।

রাইয়ান বলেন, “আজ আমরা হয়তো আরেকটি তফাজ্জল হত্যাকাণ্ডের সাক্ষী হতাম, যদি সানি বেঁচে না ফিরতো। ভিক্টিম যেহেতু ঢাবির শিক্ষার্থী, তাই হয়তো দেশের মানুষের মায়া কম লাগবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “ঘটনাটি আমরা খুবই সিরিয়াসলি দেখছি। হিজবুত তাহরীরের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে, যেটা যাচাই-বাছাই করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। তদন্তসাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে দিনভর বিক্ষোভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং হল থেকে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে টিএসসিতে যোগ দেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। অনেকে বলছেন, মতপ্রকাশের স্বাধীনতা ও সংহতির চর্চা যদি সহিংসতার শিকার হয়, তবে তা গণতান্ত্রিক চেতনাকে প্রশ্নবিদ্ধ করে।

স্বদেশ /আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা