ঢাকার সাভারে অবস্থিত এসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে তিন লাখ মার্কিন ডলারের চামড়ার ব্যাগ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু রোববার সকালে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান তাদের পণ্য জাহাজীকরণ বন্ধ রাখতে নির্দেশ দেয়। প্রতিষ্ঠানটির এমডি কে এম মুশফিকুর রহমান জানান, মার্কিন প্রতিনিধিরা ট্রাম্প প্রশাসনের নতুন পাল্টা শুল্ক নীতির কারণে মূল্যছাড় দাবি করছেন। এসেন্সরের মোট রপ্তানির ৯০ শতাংশই যুক্তরাষ্ট্রমুখী।
এমন সংকেত পেয়েছে আরও বেশ কিছু প্রতিষ্ঠান। অনেকেই চলমান ক্রয়াদেশ সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশনা পেয়েছে, কেউ কেউ দাম কমানোর চাপেও রয়েছে।
এর পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে তিনি বিশ্বের সব দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর গড়ে ১০% শুল্ক আরোপ করেছেন। তবে বাণিজ্য ঘাটতির ভিত্তিতে কিছু দেশের ওপর অতিরিক্ত শুল্ক বসেছে।
বাংলাদেশের ক্ষেত্রে এই হার দাঁড়িয়েছে ৩৭%, যেখানে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে তা যথাক্রমে ২৬% ও ২৯%। চীন ও ভিয়েতনামের ওপর আরোপিত শুল্ক যথাক্রমে ৫৪% ও ৪৬%।
বাণিজ্যঘাটতির ভিত্তিতে শুল্ক নির্ধারণের একটি সূত্র ব্যবহার করেছে মার্কিন প্রশাসন। গত বছর যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করেছে ৮৩৬ কোটি ডলারের পণ্য এবং আমদানি করেছে ২২১ কোটি ডলারের, ফলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৬১৫ কোটি ডলার।
তৈরি পোশাক খাত সবচেয়ে ঝুঁকিতে
বাংলাদেশের মোট রপ্তানির ৮০ শতাংশের বেশি আসে পোশাক খাত থেকে। ২০২৩-২৪ অর্থবছরে যুক্তরাষ্ট্রেই গেছে ১৮ শতাংশ তৈরি পোশাক। ফলে শুল্ক আরোপের পর থেকেই রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
উইকিটেক্স–বিডি নামের একটি বায়িং হাউস ইতিমধ্যে তিন লাখ ও দেড় লাখ ডলারের দুটি ক্রয়াদেশ স্থগিত হওয়ার তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির সিইও এ কে এম সাইফুর রহমান বলেন, “মূল ক্রেতারা অতিরিক্ত দামে পণ্য নিতে রাজি নয়, ফলে আমাদের দাম কমাতে চাপ দিচ্ছে।”
বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) তথ্যমতে, একটি বায়িং হাউস প্রতিমাসে ১২ লাখ ডলারের পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। সেই ক্রেতা প্রতিষ্ঠান শুধু মূল্যছাড়ই নয়, জুনের ক্রয়াদেশ বাতিল করেছে এবং জুলাই থেকে পণ্য না পাঠানোর নির্দেশ দিয়েছে।
শীর্ষ রপ্তানিকারক প্যাসিফিক জিনস গ্রুপ ২০২৩-২৪ অর্থবছরে ৪০ কোটি ৫০ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যার মধ্যে ৪ কোটি ৯০ লাখ ডলারের ডেনিম যুক্তরাষ্ট্রে গেছে। প্রতিষ্ঠানটির এমডি সৈয়দ মোহাম্মদ তানভীর জানান, সাপ্তাহিক ছুটির পর সোমবার থেকে মার্কিন ক্রেতাদের প্রতিক্রিয়া আসতে শুরু করবে।
জরুরি বৈঠকে বিজিএমইএ
গতকাল রাজধানীর একটি হোটেলে তৈরি পোশাক খাতসহ অন্যান্য রপ্তানি খাতের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন। বৈঠকে সকলেই উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান।
বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক বলেন, “ওয়ালমার্ট ও গ্যাপসহ বড় বড় মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশের সরবরাহকারীদের ৩৭% শুল্ক বহনের অনুরোধ জানিয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে ক্রয়াদেশ স্থগিতও করেছে।”
বিশ্বজুড়ে প্রতিক্রিয়া
বিশ্বের ৫০টিরও বেশি দেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার জন্য যোগাযোগ করেছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। অনেক ফ্যাশন ব্র্যান্ড ও সরবরাহকারী এই শুল্ককে ‘বাজার ধ্বংসকারী’ বলেও মন্তব্য করেছে।
বাংলাদেশের জন্য এই পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। রপ্তানি বাজারের বৈচিত্র্য, কূটনৈতিক আলোচনার মাধ্যমে শুল্ক কমানোর উদ্যোগ এবং অভ্যন্তরীণ উৎপাদন দক্ষতা বৃদ্ধিই হতে পারে উত্তরণের পথ।
স্বদেশ /আজাদ