প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সৌদীআরবের পুঁজিবাজারে একদিনে পতন ১৪ লাখ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫

সৌদি আরবের পুঁজিবাজার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে । স্থানীয় সময় রোববার (৬ এপ্রিল) ২০২০ সালের মে মাসের পর সবচেয়ে বড় পতনের মধ্য দিয়ে শেষ হয় লেনদেন। বাজার মূলধন থেকে লোকসান হয়েছে প্রায় ১৩৩ বিলিয়ন ডলার (প্রায় ১৪ লাখ কোটি টাকা)।

সোমবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ বিজনেস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভূ-রাজনৈতিক উত্তেজনা ও তেলের দাম কমার প্রভাবে এ ধস নেমেছে। তাদাওয়ুল অল শেয়ার ইনডেক্স (টিএএসআই) ৬.১% বা ৭০০ পয়েন্টের বেশি কমে ১১ হাজার ২শ’ পয়েন্টের নিচে নেমে গেছে।

মূলত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীদের বিক্রির চাপে এ অবস্থা সৃষ্টি হয়েছে।

ট্রাম্প গত ৫ এপ্রিল থেকে উপসাগরীয় দেশগুলোর রফতানিতে ১০% শুল্ক আরোপ করেছেন, যা তিনি ‘অন্যায্য বাণিজ্য চর্চা’ ঠেকানোর পদক্ষেপ বলে দাবি করেছেন।

মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপের বিপরীতে চীন, ইউরোপ ও অন্যান্য বড় অর্থনীতির দেশগুলো প্রতিশোধমূলক পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করায় তেলের দাম চার বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে, যা সৌদিসহ গোটা উপসাগরীয় অঞ্চলের বাজারকে প্রভাবিত করেছে।

সৌদি আরামকো এ ধসের সবচেয়ে বড় শিকার হয়েছে, যেটির শেয়ার ৬.২% কমে ৯০ বিলিয়ন ডলার বাজার মূলধন হারিয়েছে। আল রাজি ব্যাংক ও সৌদি ন্যাশনাল ব্যাংকের মতো বড় কোম্পানিগুলোর শেয়ারও ৫ থেকে ৬% কমেছে। লেনদেনের প্রথম ৩০ মিনিটেই ট্রেডিং ভলিউম ২.২ বিলিয়ন সৌদি রিয়ালে পৌঁছায়, যার বেশিরভাগই ছিল আরামকো, আল রাজি ও এসটিসি-এর শেয়ার।

গতকাল (৬ এপ্রিল) স্থানীয় সময় বিকাল সাড়ে ৩ টায় তাদাওয়ুল অল শেয়ার সূচকটির সর্বশেষ অবস্থান দাঁড়ায় ১১ হাজার ৭৭ পয়েন্টে। যা গতদিনের তুলনায় ৬ দশমিক ৭৮ শতাংশ বা ৮০৫ পয়েন্ট কম।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা