যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ফের একবার ফ্ল্যাটের মালিকানা নিয়ে বিতর্কের কেন্দ্রে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, টিউলিপ সিদ্দিক বাংলাদেশে তার নামে থাকা একটি ফ্ল্যাটের মালিকানা নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে ‘মিথ্যাচার’ করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে প্রায় ৬ কোটি টাকার (৬ লাখ পাউন্ড) সমমূল্যের ওই ফ্ল্যাটটি ইতোমধ্যে বাংলাদেশ সরকার জব্দ করেছে এবং একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) প্রকাশিত ডেইলি মেইলের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক দাবি করেছেন যে তিনি কোনো অন্যায় করেননি। তার ভাষ্য অনুযায়ী, ২০০২ সালে তার বাবা-মায়ের কাছ থেকে উপহার হিসেবে ফ্ল্যাটটি তিনি পেয়েছিলেন এবং ২০১৫ সালে ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হওয়ার পরই সেটি তার বোন আজমিনার কাছে বৈধভাবে হস্তান্তর করেন।
তবে, যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টার রেজিস্টারে এমপিদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালের জুন মাস পর্যন্ত ওই সম্পত্তি টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের অন্য এক সদস্যের সঙ্গে যৌথ মালিকানাধীন ছিল। এর ঠিক পরের মাসেই তিনি সেটি হস্তান্তর করার কথা জানান।
কিন্তু ডেইলি মেইল গত সপ্তাহে ঢাকার সাব-রেজিস্ট্রি অফিসে অনুসন্ধানে গিয়ে ভিন্ন তথ্য পেয়েছে। তাদের অনুসন্ধানে জানা গেছে, টিউলিপ সিদ্দিক এখনো ওই ফ্ল্যাটটির আইনি মালিক হিসেবে বহাল রয়েছেন, যা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাবিকেই সমর্থন করে। এখন বাংলাদেশের আদালত এই ফ্ল্যাটের প্রকৃত মালিকানা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
দুদক গত মাসেই জানিয়েছিল, টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে একটি ‘হেবা’ দলিলের মাধ্যমে ফ্ল্যাটটি তার বোন আজমিনার কাছে হস্তান্তরের চেষ্টা করেছিলেন। ‘হেবা’ হলো একটি ইসলামিক আইনি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো ব্যক্তি তার পরিবারের সদস্যকে ‘ভালোবাসার’ খাতিরে কোনো সম্পত্তি দান করতে পারেন।
তবে বাংলাদেশের আইন বিশেষজ্ঞরা বলছেন, সাব-রেজিস্ট্রি অফিসে যথাযথ নিবন্ধন ছাড়া এই ধরনের ‘হেবা’ হস্তান্তর আইনত বৈধ নয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) আরও অভিযোগ করেছে যে টিউলিপ সিদ্দিকের ‘হেবা’ করার বিষয়টিও ‘ভুয়া’। এমনকি যে ব্যারিস্টারের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে, তিনিও এই ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন এবং অভিযোগ করেছেন যে তার স্বাক্ষর জাল করা হয়েছে।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে শুধু ফ্ল্যাট বিতর্কই নয়, ব্রিটেন এবং বাংলাদেশে দুর্নীতিতে জড়িত থাকার একাধিক অভিযোগ উঠেছে। ব্রিটেনে তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট গ্রহণ করেছেন। এই বিষয়টি নিয়েও ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, বাংলাদেশে রাশিয়ার অর্থায়নে নির্মিত একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
লন্ডনে বিতর্কিত ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়ার পাশাপাশি, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের দুটি টিকিট সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে নেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে আরও কিছু আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপ সিদ্দিকের বরখাস্তের দাবি জানিয়েছিল। তাদের যুক্তি ছিল, টিউলিপ সিদ্দিককে যেখানে ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে তার নামই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়া নৈতিকভাবে অসঙ্গত।
এই পরিস্থিতিতে টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট ইস্যুতে নতুন করে ‘মিথ্যাচার’-এর অভিযোগ এবং বাংলাদেশে তার বিরুদ্ধে চলমান তদন্ত বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। এখন দেখার বিষয়, এই বিতর্ক টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক ক্যারিয়ারের উপর কতটা প্রভাব ফেলে এবং বাংলাদেশের তদন্তে নতুন কী তথ্য উঠে আসে।
স্বদেশ/ আজাদ