প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ব্যয়বহুল বিদেশ সফর, ইরানের ভাইস প্রেসিডেন্ট বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৫

ইরানের রাজনৈতিক অঙ্গনে গত শনিবার (৫ এপ্রিল) বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অপ্রত্যাশিত ব্যয়ের অভিযোগে ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরিকে তার পদ থেকে বরখাস্ত করেছেন। সরকারি দায়িত্ব পালনকালে অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

ইরনা নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পার্সিয়ান নববর্ষের ছুটিতে ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিবি ব্যক্তিগত উদ্যোগে দক্ষিণ মেরুতে একটি বিলাসবহুল সফরে যান। এই সফরে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, তা নিয়ে সরকারের অভ্যন্তরে অসন্তোষের সৃষ্টি হয়। পরবর্তীতে একটি অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করার পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজেই ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান এক সরকারি আদেশের মাধ্যমে শাহরাম দাবিরিকে আনুষ্ঠানিকভাবে অপসারণ করেন। বরখাস্তের এই ঘোষণা দিতে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান কঠোর ভাষায় তার অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে যখন ইরানের সাধারণ মানুষ কঠিন অর্থনৈতিক সংকটের মুখোমুখি, তখন কোনো সরকারি কর্মকর্তার এই ধরনের ব্যয়বহুল বিদেশ সফর মোটেই গ্রহণযোগ্য নয়— এমনকি যদি সেটি ব্যক্তিগত খরচেও হয়ে থাকে। এটি আমাদের কর্মকর্তাদের জন্য নির্ধারিত সাদাসিধে ও জবাবদিহিমূলক জীবনযাপনের মানদণ্ডের সুস্পষ্ট পরিপন্থি।”

তিনি আরও বলেন, “আমাদের মাঝে ব্যক্তিগত বন্ধুত্ব থাকা সত্ত্বেও, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনার এই আচরণ জনগণের কাছে দেওয়া আমাদের প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন। দায়িত্বশীলতার জায়গায় থেকে এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি প্রেসিডেন্টের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এই সিদ্ধান্ত তার ন্যায়পরায়ণতা, সততা এবং জনস্বার্থে অটল থাকার প্রতীক। তিনি ব্যক্তিগত সম্পর্কের চেয়ে রাষ্ট্রীয় শৃঙ্খলা ও জনগণের প্রতি দায়বদ্ধতাকেই সবসময় ঊর্ধ্বে স্থান দেন।”
ইরানের রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে দেশটির প্রশাসনে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, এই বরখাস্তের মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে সরকারি পদে থেকে কোনো প্রকার বিলাসিতা কিংবা দায়িত্বহীন আচরণ আর সহজে মেনে নেওয়া হবে না। এটি একইসাথে অন্যান্য সরকারি কর্মকর্তাদের জন্যও একটি সতর্ক সংকেত।

এই ঘটনাটি ইরানের বর্তমান নেতৃত্বের জনমুখী নীতিমালার প্রতি তাদের দৃঢ় অবস্থানকে আবারও স্পষ্ট করে তুলেছে। অর্থনৈতিক সংকটের সময়ে জনগণের প্রতি সংবেদনশীলতা এবং সরকারি ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই কঠোর পদক্ষেপ নিঃসন্দেহে জনসমর্থন লাভ করবে বলে আশা করা যাচ্ছে।
ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তার এই অপ্রত্যাশিত বরখাস্ত ইরানের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, এই ঘটনার পরবর্তী রাজনৈতিক মেরুকরণ কোন দিকে মোড় নেয়।

স্বদেশ /আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা