চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে শনিবার (৫ এপ্রিল ২০২৫) দুপুরে এক হৃদয়বিদারক ঘটনায় পুকুরে ডুবে মারা গেছে আয়েশা আক্তার (২) নামের এক শিশু। নিহত আয়েশা একই গ্রামের শাহ পরানের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে আয়েশার মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আয়েশা উঠানে খেলছিল। সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর আয়েশাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে আয়েশার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়। এই গরমের সময়ে শিশুরা জলাশয়ের ধারে খেলতে গিয়ে এমন দুর্ঘটনায় পড়ছে। অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে যেন শিশুরা একা পানির ধারে না যায়।”
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারটির প্রতি আমরা সমবেদনা জানাই। পাশাপাশি গ্রামবাসীকে শিশুদের নিরাপত্তা বিষয়ে আরও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বলেন, “এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। তবে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
শিশু আয়েশার অকাল মৃত্যুর ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। অবহেলার এই নির্মম পরিণতি যেন প্রতিটি পরিবারকে সতর্ক করে দিয়ে গেল।
স্বদেশ /আজাদ