চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কৃষি জমিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফ (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ ওই গ্রামের দরবেশ বাড়ির আলী আর্শাদের ছেলে।
কীভাবে ঘটলো দুর্ঘটনা?
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফ পাশের মিজানুর রহমান মুন্সির ধান ক্ষেতে পানি দিতে গিয়েছিলেন। সেখানে ইঁদুর মারার জন্য অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিল। পাম্প মেশিন চালু করতে গিয়ে পাশের ডোবা থেকে পানি আনতে গেলে শরিফ বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে মিজান মুন্সির বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ ও স্থানীয়দের প্রতিক্রিয়া
নিহতের দুলাভাই রাকিব অভিযোগ করেন, “যদি মিজান মুন্সি ইঁদুর মারার জন্য বিদ্যুৎ ফাঁদ পাততেন, তাহলে সকালে তা খুলে ফেলতেন। কিন্তু তিনি তা করেননি, যার কারণে শরিফের মৃত্যু হলো।”
তবে অভিযুক্ত মিজান মুন্সির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী নয়নমনি বেগম বলেন, “ঠিক কী কারণে শরিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, তা আমরা জানি না।”
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা
খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অবৈধ বিদ্যুৎ লাইনের তার জব্দ করে থানায় নিয়ে যায়।
মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহমেদ বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়রা এ ধরনের বৈদ্যুতিক ফাঁদ পাতা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
স্বদেশ/ আজাদ