বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হতে যাচ্ছেন বঙ্গোপসাগরীয় বহুমুখী প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (বিমসটেক) পরবর্তী চেয়ারম্যান। আগামীকাল ৩ এপ্রিল (বৃহস্পতিবার) বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন।
বুধবার (২ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।
বিমসটেকের নেতৃত্বে বাংলাদেশ
বিশেষ দূত ড. খলিলুর রহমান বলেন, “প্রধান উপদেষ্টা বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান। তাই জোটের ভবিষ্যৎ করণীয় নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর প্রধানদের সঙ্গে আলোচনা প্রয়োজন।”
উল্লেখ্য, বিমসটেকের বর্তমান চেয়ারম্যান থাইল্যান্ড। এবারের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে চেয়ারম্যানশিপ হস্তান্তর করা হবে।
সম্মেলনে কি থাকছে?
প্রধান উপদেষ্টা প্রথম দিনে (৩ এপ্রিল) ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। ৪ এপ্রিল মূল সম্মেলনে তিনি বক্তব্য রাখবেন।
সম্মেলনের সাইডলাইনে তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া, তিনি অন্যান্য সদস্য রাষ্ট্রের প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন।
তিনটি সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের সম্ভাবনা
বৈঠকে বাণিজ্য, যোগাযোগ ও প্রযুক্তিগত সহযোগিতার ওপর তিনটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম ও ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এই সম্মেলনের মধ্য দিয়ে বিমসটেকের নেতৃত্বে নতুন এক অধ্যায় সূচিত হতে চলেছে, যেখানে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্বদেশ/আজাদ