প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

স্বামীর কবরও কি আমার সন্তানের জন্য হারাম?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৫

রংপুরের পীরগাছার শহীদ মঞ্জুরুল ইসলামের স্ত্রী রহিমা বেগম দেবরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে তিনি পীরগাছা থানায় লিখিত অভিযোগ দেন।

কি ঘটেছিল?

রহিমা বেগম জানান, তার স্বামী মঞ্জুরুল ইসলাম ২০২৪ সালের ২০ জুলাই ঢাকার গাজীপুরের জয়বাংলা রোডে পুলিশের গুলিতে নিহত হন। পরে তাকে রংপুরের পীরগাছার ছাওলা ইউনিয়নের জুয়ান গ্রামে দাফন করা হয়। স্বামীর মৃত্যুর পর তিনি দুই সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে থাকতে শুরু করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই শ্বশুরবাড়ির লোকজন তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করলে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান। বর্তমানে তিনি তাম্বুলপুর ইউনিয়নের সাহেববাজার সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বসবাস করছেন।

মেয়ের আবদার রাখতে গিয়ে হামলার শিকার!

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে রহিমার মেয়ে মোহনা আক্তার (৫) বাবার কবর দেখতে যেতে চায়। সন্তানের আবদার রাখতেই রহিমা বেগম সন্তানদের নিয়ে জুয়ান গ্রামে যান। সেখানে গিয়ে শ্বশুর-শাশুড়ির অপমানজনক আচরণের সম্মুখীন হন তিনি।

রহিমা বেগম অভিযোগ করেন, তার ছোট দেবর শহিদুল ইসলাম (২৬) তাকে দেখে ক্ষিপ্ত হয়ে বলেন, “তুই কেন এসেছিস এখানে? তোর এখানে আসার কোনো অধিকার নেই।”

রহিমা পাল্টা জবাব দেন, “এখানে আমার স্বামীকে কবর দিয়েছি। আমার সন্তানের অধিকার আছে তাদের বাবার কবর দেখার।”

এ কথা শুনেই শহিদুল ইসলাম তাকে গালাগালি শুরু করেন। একপর্যায়ে তিনি রহিমার বুকে লাথি মারেন, ফলে তিনি কোলের সন্তানসহ মাটিতে পড়ে যান।

অভিযুক্ত শহিদুলের বক্তব্য

মুঠোফোনে যোগাযোগ করা হলে শহিদুল ইসলাম স্বীকার করেন যে, তার ভাবির সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। তবে তিনি তাকে লাথি মারেননি বলে দাবি করেন।

পুলিশ কী বলছে?

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, স্বামীর কবর জিয়ারত করতেও বাধার মুখে পড়তে হওয়ায় রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীর কবরও কি আমার সন্তানের জন্য হারাম করে দিল?”

এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নির্যাতিত রহিমা বেগমের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

স্বদেশ/ আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা