সাতক্ষীরা উপকূলে ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে ভয়াবহ বন্যায়। আশাশুনি উপজেলার বিছট এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে আটটি গ্রাম প্লাবিত হয়েছে। ঈদের দ্বিতীয় দিনেও বিকল্প বাঁধ নির্মাণ সম্ভব না হওয়ায় পানিবন্দি হয়ে রয়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। ডুবে গেছে ২০০ বিঘা জমির ধান ও ৪ হাজার বিঘার অধিক চিংড়ি ঘের। বসতভিটা হারিয়েছেন ৮ শতাধিক পরিবার।
হঠাৎই বিলীন বাঁধ, বাড়ছে দুর্ভোগ
পবিত্র ঈদুল ফিতরের দিন সোমবার (৩১ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে সাতক্ষীরার বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে খোলপেটুয়া নদীর ২০০ ফুট অংশজুড়ে বেড়িবাঁধ হঠাৎই নদীতে বিলীন হয়ে যায়।
স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে টানা দুই দিন ধরে ভাঙন ঠেকাতে চেষ্টা চালালেও ব্যর্থ হন। একের পর এক গ্রাম প্লাবিত হতে থাকে। আনুলিয়া ইউনিয়নের বিছট, বল্লভপুর, আনুলিয়া, নয়াখালী, চেঁচুয়া, কাকবসিয়া, পারবিছুট ও বাসুদেবপুরের বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে।
বাঁধ ভাঙার কারণ কী?
স্থানীয়দের অভিযোগ, মাছের ঘেরে লবণ পানি প্রবাহের জন্য পাইপলাইন স্থাপন করায় বেড়িবাঁধ দুর্বল হয়ে পড়ে। ফলে স্রোতের চাপে হঠাৎ করেই বাঁধটি ভেঙে যায়।
পানি উন্নয়ন বোর্ডের বিলম্বে বিপর্যয়
এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন, “বোর্ড আনতে দেরি হওয়ায় কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। আমি সকালেই ঘটনাস্থলে গিয়ে দেখেছি, পরিস্থিতি ভয়াবহ। যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে পরবর্তী জোয়ারে আরও প্রায় আধা কিলোমিটার বাঁধ ধসে যেতে পারে। ইতোমধ্যে দুইটি বিভাগকে একত্রে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।”
স্থানীয়দের আকুতি: দ্রুত সমাধান দরকার
বাঁধ ভেঙে পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত বিকল্প বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ব্যবস্থা নিশ্চিত করা হোক। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ছাড়া এই দুর্যোগ থেকে মুক্তি মিলবে না।
স্বদেশ/ আজাদ