প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ধর্ষণ মামলার আসামির থানা হাজতে রহস্যজনক মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৫

ভোলা সদর মডেল থানার হাজতে ধর্ষণের অভিযোগে আটক মো. হাসান নামের এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে। পুলিশের দাবি, হাজতে থাকা জায়নামাজ ব্যবহার করে তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। গতকাল বেলা তিনটার দিকে তিনি প্রতিবেশী এক বাড়িতে মাংস রাখতে গেলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসী তাঁকে আটক করে মারধর করে। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে রাত আটটার দিকে তাঁকে থানা-হাজতে রাখা হয়। রাত ১২টা ১৮ মিনিটে তিনি হাজতে থাকা জায়নামাজ দিয়ে আত্মহত্যা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানার সিসিটিভি ফুটেজে এই ঘটনা ধরা পড়েছে। ধর্ষণের শিকার গৃহবধূ বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
স্বদেশ/ আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা