ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই শুভেচ্ছা বার্তা বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন এক পর্বের সূচনা করতে পারে। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার ইঙ্গিত মিলছে।
নরেন্দ্র মোদি তার পাঠানো চিঠিতে বলেন, “পবিত্র রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতর উৎসবের আনন্দময় মুহূর্তে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “পবিত্র এই মাসে ২০ কোটি ভারতীয় তাদের ভাই-বোনদের সঙ্গে রোজা ও প্রার্থনায় পবিত্র সময় ব্যয় করেছেন। ঈদুল ফিতরের আনন্দময় উপলক্ষ উদযাপন, প্রতিফলন, কৃতজ্ঞতা এবং ঐক্যের সময়। এটি আমাদের সহানুভূতি, উদারতা এবং সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয় যা জাতি হিসাবে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসাবে আমাদের একত্রিত করে।”
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, মোদির এই শুভেচ্ছা বার্তা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার একটি কৌশল হতে পারে। বিশেষত, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের এই সময়ে ভারত তার অবস্থান সুসংহত করতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।
নরেন্দ্র মোদি তার শুভেচ্ছাবার্তায় আরও উল্লেখ করেন, “এই শুভ উপলক্ষে, আমরা বিশ্বজুড়ে মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক।”
চিঠির শেষে ভারতের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার প্রতি তার “সর্বোচ্চ শ্রদ্ধা ও শুভকামনা” প্রকাশ করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু আনুষ্ঠানিক শুভেচ্ছা বার্তা নয়, বরং কূটনৈতিক সম্পর্কের আরও উন্নয়নের ইঙ্গিত বহন করছে।
স্বদেশ/ আজাদ