প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঈদের খুশির দিনে রক্তমাখা রহস্য?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৫

ঈদের আনন্দ ম্লান হয়ে গেল চাঁদপুরের মতলব উত্তরে। দক্ষিণ ঠেটালিয়া গ্রামের মোল্লাবাড়িতে ঈদের দিন সকালে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নববিবাহিতা রুনা আক্তারের (২১) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় এখন প্রশ্ন উঠেছে, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড?
স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র পাঁচ মাস আগে রুনার বিয়ে হয় আব্দুল হাকিম মোল্লার সঙ্গে। ঈদের দিন সকালে স্বামী হাকিম মোল্লা নামাজ পড়তে ঈদগাহে গেলে, বাড়িতে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নামাজ শেষে ফিরে এসে হাকিম দেখেন, তার স্ত্রী সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন।
রুনার পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের ভাই শরিফুল ইসলাম দাবি করেন, তার বোনকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, “হাকিম মোল্লা আমার বোনকে মেরে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। আমি এর বিচার চাই।”
ঘটনার পর থেকে হাকিম মোল্লা পলাতক রয়েছেন, যা রহস্য আরও ঘনীভূত করেছে। স্থানীয়দের মধ্যে গুঞ্জন, হাকিমের এই পলাতক থাকা কি তার অপরাধের স্বীকারোক্তি?
পুলিশ জানিয়েছে, তারা সব দিক খতিয়ে দেখছে। মতলব উত্তর থানার ওসি রবিউল হক জানান, লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে, রুনার পরিবারের অভিযোগ এবং হাকিম মোল্লার পলাতক থাকা, দুটো বিষয়ই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ পরিণত হয়েছে বিষাদে। রুনার পরিবারের কান্না আর স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ, সব মিলিয়ে দক্ষিণ ঠেটালিয়ার মোল্লাবাড়ি এখন এক রহস্যের কেন্দ্রবিন্দু।
স্বদেশ/ আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা