প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাজের মাঝেই ঈদের আনন্দ খুঁজেন গণমাধ্যমকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৫

ঈদের আনন্দ, পরিবারের সমাবেশ, মিষ্টি হাসি আর উৎসবের আমেজ—সবকিছুই ঈদ ঘিরে মানুষের জীবনে বিশেষ রং ছড়ায়। কিন্তু ঈদের দিনে যখন সবাই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটায়, তখন গণমাধ্যমকর্মীরা তাদের দায়িত্ব পালন করতে অফিসে ব্যস্ত সময় পার করেন। ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার আর নোটবুক নিয়ে তাদের ঈদ কাটে সংবাদ লেখায়, পরিবেশনায়, অনুষ্ঠান প্রযোজনায় অথবা প্রিন্ট মিডিয়ার কাজে।

ঈদের দিনেও ডিউটি :

জাতীয় পত্রিকা ঈদের ছুটিতে তিন দিন প্রকাশিত হয় না। অবাধ তথ্য প্রবাহের যুগে এখন প্রায় প্রতিটি পত্রিকারই অনলাইন সংস্করণ রয়েছে। মুদ্রিত পত্রিকা প্রকাশ না হলেও প্রিন্ট মিডিয়ার অনলাইন ও ডিজিটাল মাধ্যম সক্রিয় থাকে।

তাই অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেল, রেডিও স্টেশনগুলোতে ঈদের দিনেও ২৪ ঘণ্টা সংবাদ পরিবেশন চলে। সংবাদকর্মী, ক্যামেরাপার্সন, এডিটর, প্রডিউসার, টেকনিশিয়ানসহ অনেকেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন না। সকাল থেকেই তাদের সংবাদ পরিবেশনে ব্যস্ত থাকতে হয়।

পরিবারের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ :

যেসব গণমাধ্যমকর্মী অফিসে ডিউটি করেন, তাদের অনেকেই পরিবারের সঙ্গে ভিডিও কল বা ফোনে কথা বলেন। মায়ের আক্ষেপ, বাবা-ভাইয়ের অভিমান, সন্তানের কান্না—সবই তারা মেনে নেন দায়িত্বের তাগিদে।

নিউজরুমে ঈদ উদযাপন :

ছুটি না পাওয়ায় গণমাধ্যমকর্মীদের যেমন আক্ষেপ থাকে, তেমনি সুযোগ থাকে সহকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার। এ সময় নিউজরুমগুলো হয়ে ওঠে পরিবারের অংশ। তবে সেটাও পূর্ণ আনন্দ দেয় না, কারণ মন পড়ে থাকে বাড়িতে।

দায়িত্বই প্রধান, তবুও থাকে মন খারাপ :

গণমাধ্যমকর্মীরা জানেন, তাদের কাজের মাধ্যমেই দেশবাসী ঈদের খবর, অনুষ্ঠান ও বিনোদন পেয়ে থাকেন। এই দায়িত্ববোধ গণমাধ্যমকর্মীদের অনুপ্রাণিত করে, কিন্তু তবুও ঈদের দিনে পরিবার থেকে দূরে থাকাটা কষ্টদায়ক। অনেকেই রাতের শিফট শেষে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন, কিন্তু তখন ঈদের মূল আনন্দ অনেকটাই ফুরিয়ে যায়। ঈদের আনন্দে যখন সবাই মগ্ন, তখন গণমাধ্যমকর্মীদের পরিবারগুলোও তাদের প্রিয়জনকে ঘরে পেতে চায়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা