রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রথিতযশা অধ্যাপক নূর মোহাম্মদ আর নেই। আজ ভোর ৪:২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের শিক্ষা ও গবেষণায় অবদানের কথা স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
৫০ বছরের শিক্ষা-গবেষণার আলোকবর্তিকা
১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়ে দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে শিক্ষা ও গবেষণায় অনবদ্য ভূমিকা রেখেছেন প্রফেসর নূর মোহাম্মদ। অধ্যাপনার পাশাপাশি তিনি হল প্রাধ্যক্ষসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তাঁর গবেষণার কাজ দেশ-বিদেশে সমাদৃত হয়েছে।
বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের আবহ
তাঁর মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীরা তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, “স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক।”
আজ বাদ জোহর ক্যাম্পাস সংলগ্ন খোজাপুর গোরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা অংশ নিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
একজন গুণী শিক্ষকের চলে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে শিক্ষার্থীদের হৃদয়ে, গবেষণার পাতায় এবং ইতিহাসের পাতায়।
স্বদেশ/ আজাদ