প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আর্জেন্টিনার কাছে হেরে চাকুরী হারালেন ব্রাজিলের কোচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৫

ছন্নছাড়া পারফরম্যান্সে চার গোল হজম করে স্রেফ বিধ্বস্ত হয় ব্রাজিল। ৪-১ গোলে হার। তা-ও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে।

তখন থেকেই সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়রকে বাদ দেওয়ার গুঞ্জন ওঠে। অবশেষে তা সত্যি হলো। শুক্রবার দিবাগত রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে দরিভালকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

বিবৃতিতে বলা হয়, ব্রাজিলিয়ান কনফেডারেশন জানাচ্ছে, কোচ দরিভাল জুনিয়র আর দায়িত্বে নেই। বোর্ড তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। এখন থেকে সিবিএফ তার বদলি সন্ধান করবে।

দরিভালকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বিবৃতিতে নতুন কোচ খুঁজে বের করার কথা বলা হয়েছে, ‘ব্রাজিল ফুটবল ফেডারেশন ঘোষণা করছে যে, কোচ দরিভাল জুনিয়র আর ব্রাজিলিয়ান জাতীয় দলের দায়িত্বে থাকবেন না। ম্যানেজমেন্ট তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার পরবর্তী ক্যারিয়ারের জন্য সাফল্য কামনা করছে। এখন থেকেই সিবিএফ তার একজন বিকল্প খুঁজে বের করার জন্য কাজ করে যাবে।’

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ব্রাজিলের কোচের পদ ছাড়েন তিতে। তিনি ছয় বছরের বেশি সময় দায়িত্বে ছিলেন। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রামোন মেনেজেস পাঁচ মাস ও ফার্নান্দো দিনিজ ছয় মাস কাজ করেন। এরপর দরিভাল পূর্ণ মেয়াদে কোচ হলেও ১৫ মাসও টিকতে পারলেন না। শুরুতে সাফল্য পেলেও ৬২ বছর বয়সী দরিভাল খেই হারান দ্রুতই। গত বছরের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে টাইব্রেকারে পরাস্ত হয়ে ছিটকে যায় ব্রাজিল। আর বিশ্বকাপ বাছাইপর্বে তাদের ভোগান্তি তো চলছেই! ১৪ ম‍্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে দলটি।

ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোর মতে, দরিভালের স্থলাভিষিক্ত হওয়ার জন্য কার্লো আনচেলত্তি এখনও ব্রাজিলের প্রথম পছন্দ। আগেও একাধিকবার জোরেশোরে উচ্চারিত হয়েছে তার নাম। তবে এক্ষেত্রে এখন বড় বাধা রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তির মেয়াদ। এই বর্ষীয়ান ইতালিয়ান কোচের সঙ্গে স্প্যানিশ ক্লাবটির চুক্তি রয়েছে আগামী ২০২৬ সালের জুন পর্যন্ত। তাই শিগগিরই তার ব্রাজিলের দায়িত্ব নেওয়াটা জটিল হতে পারে।

নতুন কোচ হিসেবে সিবিএফের বিবেচনায় আরও আছেন জর্জে জেসুস ও ফিলিপে লুইস। পর্তুগিজ কোচ জেসুস বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের দায়িত্বে। তবে এখানে আছে ঝামেলা। ব্রাজিলিয়ান তারকা নেইমার যখন আল হিলালে ছিলেন, তখন তার সঙ্গে বিরোধ ছিল জেসুসের। অন্যদিকে, ব্রাজিলের সাবেক ডিফেন্ডার লুইস এখন স্বদেশি ক্লাব ফ্ল্যামেঙ্গোর কোচ। গত সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যেই তিনটি ট্রফি জিতেছেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা