প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইউনূসের কূটনৈতিক চমক!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফর দেশের অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন সরকারের পাশাপাশি দেশটির শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর কাছ থেকে ২.১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি আদায় করতে সক্ষম হয়েছে। এ ঘটনাকে বিশ্লেষকরা “বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্কের এক নতুন মাইলফলক” বলে অভিহিত করছেন।

বাংলাদেশে বিনিয়োগের ঢল

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, অধ্যাপক ইউনূসের প্রত্যক্ষ আহ্বানে চীনের ৩০টি বৃহৎ প্রতিষ্ঠান বাংলাদেশে একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে। বাংলাদেশে উৎপাদনশীল খাতকে এগিয়ে নিতে এটি এক বিশাল অগ্রগতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এছাড়াও, চীন মংলা বন্দর আধুনিকায়নের জন্য ৪০০ মিলিয়ন ডলার, চীনা এক্সক্লুসিভ ইন্ডাস্ট্রিয়াল জোনের উন্নয়নে ৩৫০ মিলিয়ন ডলার এবং কারিগরি সহায়তা হিসেবে আরও ১৫০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। বাকি অর্থ অনুদান এবং অন্যান্য ঋণের মাধ্যমে আসবে, যা ভবিষ্যতে আরও প্রসারিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চীনের প্রেসিডেন্ট শি’র ‘সবুজ সংকেত’

বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অধ্যাপক ইউনূস সরাসরি অনুরোধ জানান, চীনা বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেন বাংলাদেশকে বিনিয়োগের জন্য “প্রথম সারির গন্তব্য” হিসেবে বিবেচনা করে। প্রেসিডেন্ট শি এই আহ্বানে সাড়া দিয়ে বলেন, “চীনা কোম্পানিগুলো উৎপাদন কেন্দ্র বৈচিত্র্যময় করার পরিকল্পনায় বাংলাদেশকে অন্যতম প্রধান গন্তব্য হিসেবে বিবেচনা করবে।”

বিশ্লেষকদের মতে, চীনের শীর্ষ নেতৃত্বের এই ঘোষণা বাংলাদেশের শিল্প খাতের জন্য এক যুগান্তকারী সুযোগ সৃষ্টি করবে। বিশেষ করে চীনের উৎপাদন খাতের অনেক প্রতিষ্ঠান এখন ব্যয় কমানোর জন্য নতুন বাজার খুঁজছে, আর বাংলাদেশ এর একটি প্রধান সুবিধাভোগী হতে পারে।

ঢাকার বিনিয়োগ কর্তৃপক্ষের প্রত্যাশা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (BEZA) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, “এই সফর চীনা বিনিয়োগকারীদের মধ্যে নতুন মাত্রার আস্থা তৈরি করেছে। আমরা আশা করছি, আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশে চীনা বিনিয়োগের পরিমাণ আরও কয়েক বিলিয়ন ডলারে পৌঁছাবে।”

তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে চীনের ১০০-এর বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছি, বিশেষ করে উন্নত টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, লাইট ইঞ্জিনিয়ারিং এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে। প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক, এবং আমরা আগামী মাসগুলোতে বড় চুক্তির প্রত্যাশা করছি।”

বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত

বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হলো। চীনের বিনিয়োগ বাংলাদেশকে শুধু শিল্প উৎপাদনে এগিয়ে নেবে না, বরং কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর ও অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অধ্যাপক ইউনূসের এই সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার কূটনৈতিক দক্ষতার ফলে বাংলাদেশ শুধু অর্থনৈতিক সুবিধাই পায়নি, বরং চীনের মতো অর্থনৈতিক পরাশক্তির দীর্ঘমেয়াদী অংশীদারত্বও নিশ্চিত করতে পেরেছে।
স্বদেশ/ আজাদ

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা