কুমিল্লা, ২৮ মার্চ ২০২৫ (দৈনিক পত্রিকা): আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে পরিবহণ ব্যবস্থাপনার অস্থিরতার কারণে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রশাসনের পক্ষ থেকে আইদি পরিবহনের কাউন্টার সিলগালা করার পরই বোগদাদ বাস পরিবহনের শ্রমিকরা হামলা চালায়। এ ঘটনায় আইদি পরিবহনের ছয়জন স্টাফ আহত হয়েছেন এবং পাঁচটি বাস ভাংচুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আইদি পরিবহণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। বিশেষ করে, তাদের বেশ কিছু বাসের কাগজপত্র ছিল না বা হালনাগাদ হয়নি, যার কারণে এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছিল। এর প্রেক্ষিতে প্রশাসন এই পদক্ষেপ নিলে পরিবহণ শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংঘর্ষে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর পরিবহণ শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়ে এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাসস্ট্যান্ডের আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন, তারা অবৈধ বাস চলাচল বন্ধ করতে এবং পরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। স্থানীয় বাসিন্দারা এবং যাত্রীরা দ্রুত সমস্যার সমাধান চান, যাতে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে আবারও স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।
এদিকে, বাস মালিকরা এবং পরিবহণ শ্রমিকরা অভিযোগ করেছেন যে, প্রশাসনের তৎপরতা শুধু তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, অথচ সমস্যাটি গভীর এবং দীর্ঘদিনের। তারা এ বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন।
স্বদেশ/ আজাদ