প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫

 

বোয়াও (চীন), বৃহস্পতিবার: চীন ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছে এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রদানের আশ্বাস দিয়েছে।

বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের সাইডলাইনে চীনের নির্বাহী ভাইস-প্রিমিয়ার ডিং শুয়েশিয়াং এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর: বাণিজ্য ও বিনিয়োগে জোর

উভয় দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করার বিষয়ে সম্মত হয়েছে। চীনা ভাইস-প্রিমিয়ার বলেন, “রাষ্ট্রপতি শি জিনপিং আপনার (প্রধান উপদেষ্টা) সফরকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন। আমরা আশা করি, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধি অর্জন করবে।”

বাংলাদেশের দাবিগুলোর প্রতি চীনের ইতিবাচক মনোভাব

বাংলাদেশের প্রধান উপদেষ্টা চীনের ‘ওয়ান-চায়না পলিসি’র প্রতি দেশের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগ দেওয়া দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশ চীনের ঋণের সুদের হার ৩ শতাংশ থেকে ১-২ শতাংশে নামিয়ে আনার অনুরোধ জানায় এবং চীনের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর অঙ্গীকার ফি (কমিটমেন্ট ফি) মওকুফ করার আবেদন জানায়।

প্রধান উপদেষ্টা চীনের শিল্প প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে স্থানান্তর সহজ করার অনুরোধ জানান, বিশেষ করে তৈরি পোশাক, ইলেকট্রিক গাড়ি, লাইট মেশিনারি, উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স, চিপ উৎপাদন ও সৌর প্যানেল শিল্পের ক্ষেত্রে।

বাংলাদেশের রপ্তানি ও চীনা বিনিয়োগে নতুন সম্ভাবনা

চীনের ভাইস-প্রিমিয়ার জানান, ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা বহাল থাকবে। এছাড়া, চীন বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করতে আগ্রহী।

তিনি বলেন, চীন বাংলাদেশ থেকে আম আমদানি করতে গত বছর একটি চুক্তি স্বাক্ষর করেছে এবং এ বছর থেকে তা কার্যকর হবে। পাশাপাশি, কাঁঠাল, পেয়ারাসহ অন্যান্য জলজ পণ্যও চীন আমদানি করবে, যা দুই দেশের বাণিজ্য ভারসাম্য উন্নয়নে সহায়ক হবে।

চীন মংলা বন্দর আধুনিকায়ন ও দাশেরকান্দি পয়োনিষ্কাশন প্রকল্পে বিনিয়োগ করবে বলেও ঘোষণা দেয়।

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের উদ্যোগ

চীনের ভাইস-প্রিমিয়ার বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপ চালিয়ে যাওয়ার জন্য চীন সহযোগিতা করবে।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের বৃত্তি বৃদ্ধি

চীন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বেশি বৃত্তির ব্যবস্থা করবে। বর্তমানে কয়েক হাজার বাংলাদেশি শিক্ষার্থী চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে।

বাংলাদেশ-চীন অংশীদারিত্ব আরও জোরদার হবে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, “আজকের বৈঠক আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে আরেকটি মাইলফলক। আসুন, একসঙ্গে কাজ করে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার নতুন যুগের সূচনা করি।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি, রেল ও সড়ক পরিবহন উপদেষ্টা ফৌজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
স্বদেশ/ আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা