প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজায় সংঘাতের নতুন মোড়!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে, হামাস যদি তাদের হাতে আটক জিম্মিদের মুক্তি না দেয়, তবে ইসরায়েল গাজার অংশবিশেষ দখল করে নিতে পারে।

নেতানিয়াহু পার্লামেন্টে বলেন, “আমাদের জিম্মিদের মুক্তি না দিতে হামাস যত গোঁ ধরে থাকবে, আমরা তত জোরদার চাপ দেব। এর মধ্যে গাজা অঞ্চল দখলসহ অন্যান্য পদক্ষেপ রয়েছে। সেগুলো আমি এখানে বিস্তারিত বলব না।”

এর প্রতিক্রিয়ায় হামাসের পক্ষ থেকে পাল্টা হুমকি দেওয়া হয়েছে। হামাসের মুখপাত্র খলিল আল হায়া বলেন, “যতবারই ইসরায়েল শক্তি খাটিয়ে তাদের জিম্মিদের ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে, শেষ পর্যন্ত তারা কফিনে করে ফিরে যাবে।” তিনি আরও উল্লেখ করেন যে, ইসরায়েলের অব্যাহত হামলার কারণে জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামলা চালায়, যার ফলে ২৫১ জন ইসরায়েলি নাগরিক এবং বিদেশি নাগরিক জিম্মি হন। বর্তমানে ৯৪ জন জিম্মি হামাস ও তাদের মিত্রদের হাতে বন্দী রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই ৯৪ জনের মধ্যে অন্তত ৩৪ জন ইতোমধ্যে নিহত হয়েছেন। নিহতদের মরদেহও জিম্মি মুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস।

গত ১৫ মাস ধরে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার পর গত ১৯ জানুয়ারি প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরু হয়। ইসরায়েলের ইচ্ছা ছিল, এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে সব জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে আনা। তবে হামাসের দাবি ছিল, চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি দ্বিতীয় ও তৃতীয় ধাপে নিয়ে যেতে হবে, যাতে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হয়।

এই দ্বন্দ্বের মধ্যে ১৮ মার্চ গাজায় আবার নৃশংসতা শুরু করে ইসরায়েল। দেশটির কর্মকর্তাদের ভাষ্য, জিম্মিদের ফিরিয়ে আনতে নতুন করে হামলা শুরু করেছেন তারা।

বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে, যাতে গাজায় মানবিক বিপর্যয় এড়ানো যায় এবং জিম্মিদের নিরাপদ মুক্তি নিশ্চিত করা সম্ভব হয়।
স্বদেশ/ আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা