প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইশরাককে মেয়র করায় ‘এমপি’ পদ দাবি করলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৫

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালত নৌকা প্রতীক নিয়ে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পরাজিত হন। সে সময় নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে। গত বছরের ১৯ আগস্ট শেখ ফজলে নূর তাপসসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করে সরকার।

এদিকে, ইশরাক হোসেনকে ঢাকার মেয়র ঘোষণার পর আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম তার সংসদ সদস্য (এমপি) পদ পুনর্বহালের দাবি করেছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলমের ঢাকা-১৭, বগুড়া-৪ ও ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।”

উল্লেখ্য, আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি দাবি করেন, বগুড়া-৪ আসনের নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ভোট গণনায় গরমিল করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। তার মতে, “শিক্ষিত সমাজের কিছু লোক আছেন, যাঁরা আমাকে মেনে নিতে চান না। তাঁরা মনে করেন, আমি এমপি হওয়ার যোগ্য নই।”

এই প্রসঙ্গে, হিরো আলম আরও বলেন, “আমার জীবনের শেষ ইচ্ছা আমি এমপি হব। আগামীতে বগুড়া-৬ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেব। আমি এমপি নির্বাচিত হলে বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে পারব আর এটা আমি করতে চাই।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণ এবং হিরো আলমের এমপি পদ পুনর্বহালের দাবি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

স্বদেশ আজাদ /

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা