প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজনৈতিক ভূমিকম্প!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিএনপি নেতা ইশরাক হোসেন ফলাফল বাতিলের জন্য আদালতে মামলা করেন। দীর্ঘ পাঁচ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম বৃহস্পতিবার এ রায় দেন, যেখানে তাপসের মেয়র পদ বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে।

রায়ের সময় আদালতে উপস্থিত ইশরাক হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আমি ন্যায়বিচার পেয়েছি। আমি মেয়র হত পারব বা মেয়র হিসেবে শপথ নেব কি না সেটা সম্পূর্ণ দলীয় বিষয়।”

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তাপস পেয়েছিলেন সোয়া চার লাখ ভোট, আর ইশরাক পান ২ লাখ ৩৬ হাজার ভোট। নির্বাচনের পর ইশরাক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা দায়ের করেন। মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়েছিল।

নির্বাচনী আইন অনুযায়ী, ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত ব্যক্তি। মামলার পর ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করার নিয়ম থাকলেও ইশরাকের ক্ষেত্রে সময় লাগল পাঁচ বছর।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। সেটাই তার জীবনের প্রথম ভোট।ছবি :সংগৃহীত

দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে কেবল চট্টগ্রামেই এখন একজন মেয়র দায়িত্ব পালন করছেন। চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেনও ওই চেয়ারে বসতে পেরেছেন আদালতের রায় পক্ষে পাওয়ার পর। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের সব সিটি করপোরেশনে আওয়ামী লীগের আমলে নির্বাচিত মেয়রদের অপসারণ করে প্রশাসক বসায়। এরপর ১ অক্টোবর এক মামলার রায়ে শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করে চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনাল। আদালতের রায় অনুযায়ী ইসি সচিবালয় ৮ অক্টোবর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট সংশোধনের বিজ্ঞপ্তি জারি করে। এরপর ৩ নভেম্বর শপথ নিয়ে তিনি এখন মেয়রের দায়িত্ব পালন করছেন।

এখন ঢাকা দক্ষিণে ইশরাকের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হতে পারে।

স্বদেশ আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা