বেইজিং, ২৭ মার্চ: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ (বৃহস্পতিবার) বোআও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে ভাষণ দেবেন।
বোআও ফোরামের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশ সময় সকাল ১১:৩০টায় তিনি বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ।
এই অধিবেশনে আরও বক্তব্য দেবেন লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী সহকারী প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোআও ফোরামের চেয়ারম্যান বান কি-মুন এবং সংস্থাটির মহাসচিব ঝাং জুন।
আগামীকাল (শুক্রবার) স্থানীয় সময় দুপুর ২টায় খাদ্য ও কৃষি সংস্থার (FAO) মহাপরিচালক কু দংগিউ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুনের সঙ্গে অধ্যাপক ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীও আগামীকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধান উপদেষ্টা আজ চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন।
বাংলাদেশ সময় বিকেল ৪:১৫টায় একটি বিশেষ ফ্লাইটে তিনি হাইনানের কিয়োংহাই বোআও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর।
বোআও ফোরামের পাশাপাশি অধ্যাপক ইউনূস চীনের বৃহৎ ও আন্তর্জাতিক কোম্পানির সিইওদের সঙ্গে বৈঠক করবেন।
আগামী ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অধ্যাপক ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
২৯ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) তিনি একটি বক্তৃতা দেবেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।
এছাড়া, তিনি চীনের বিভিন্ন হাসপাতাল চেইনের সঙ্গে আলোচনা করবেন যাতে তারা বাংলাদেশে যৌথ উদ্যোগে হাসপাতাল স্থাপনের সম্ভাবনা যাচাই করতে পারে।
প্রধান উপদেষ্টা আগামী ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে।
স্বদেশ /আজাদ