প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সরাইলে এসিল্যান্ডের বিতর্কিত ফেসবুক পোস্ট, দায়িত্ব থেকে অব্যাহতি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে ‘এসিল্যান্ড সরাইল’ (Acland Sorail) নামক ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পোস্টটি বুধবার (২৬ মার্চ) সকালে প্রকাশিত হয় এবং দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা সরাইল উপজেলা বিএনপিসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

ফেসবুক পোস্টটিতে উল্লেখ করা হয়:

“পৃথিবীর বুকে বাংলার নাম আজ উজ্জ্বল, লড়াইয়ের ইতিহাসে লেখা হলো অনন্য মহিমা… ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। সেদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন- বাংলাদেশ স্বাধীন! এরপর শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ…”

এই পোস্টের পরিপ্রেক্ষিতে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত হলে উপজেলা বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন সিরাজুম মুনিরা। তিনি দ্রুত সেখান থেকে ফিরে আসেন। পরে পোস্টটি মুছে ফেলা হয় এবং দাবি করা হয় যে ফেসবুক আইডিটি হ্যাক করা হয়েছিল।

সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু এ বিষয়ে বলেন, “সরাইলের এসিল্যান্ড ফ্যাসিবাদের দোসর। তার ফেসবুক হ্যাক হয়েছে- এই নাটক কাজ হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেন জানান, “এসিল্যান্ড দাবি করেছেন, লেখাটি তিনি লেখেননি। এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। জেলা প্রশাসক বলেছেন, তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য। আপাতত তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করার নির্দেশনা দিয়েছেন। তদন্তের পর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে তার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

স্বদেশ/ আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা