প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডাকাতির গুঞ্জনে আতঙ্কিত স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫

 

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়িজঙ্গল গ্রামে মুক্তা বেগম (৫৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুক্তা বেগম ওই গ্রামের মান্নান গাজীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তারাবির নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে যান মান্নান গাজী। নামাজ শেষে বাড়ি ফিরে তিনি স্ত্রীকে খাটের ওপর গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ ঘটনার পর এলাকায় ডাকাতির গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং মসজিদে মাইকিং করা হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “ডাকাতির বিষয়টি এখনো নিশ্চিত নয়, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা এলাকায় আগে ঘটেনি, তাই সবাই আতঙ্কিত। পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।

স্বদেশ/ আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা