প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আল্লাহর অশেষ রহমতে তামিম বেঁচে আছেনঃ যুব ও ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫

গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে তামিম ইকবালকে। হাসপাতালে তাকে দেখতে গিয়েছেন তামিমের বিপিএলের দল ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। তামিমকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

গত ২৪ মার্চ বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। ভেন্যুর পাশে অবস্থিত কেপিজে হাসপাতালেই তার হার্টে রিং পরানো হয়। চিকিৎসকদের মতে, স্বাভাবিক জীবনে ফিরতে আরও ৩ মাসের মতো সময় লাগবে তামিমের। আপাতত এভার কেয়ারে চিকিৎসা নেবেন তিনি। ডাক্তারের এপয়েন্টমেন্ট পাওয়ার পর এবং ভিসা প্রক্রিয়ার কাজ হওয়ার পর থাইল্যান্ডে রওনা দেবেন তিনি।

বরিশালের কর্ণধার মিজানুর বলেন, ‘(বিদেশে উন্নত চিকিৎসার জন্যে) নিয়ে যাওয়া হচ্ছে। থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে। অবশ্যই আমরা…আমি যাবো সাথে ইনশাআল্লাহ।’

তামিমের অসুস্থ হয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, ‘ডাক্তারের কথা অনুযায়ী তামিমের পানিশূন্যতা ছিল। পানি খায়নি ঠিকমতো, রাতে হয়তো ঘুমও হয়নি ঠিকমতো। এটা এটা কারণ হতে পারে। এই রোজার মধ্যে ডিপিএল খেলা…।’

এদিকে গতকাল সন্ধ্যায় তামিমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তামিমের মানসিক শক্তির প্রশংসা করে গণমাধ্যমকে আসিফ বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে আছেন। এতক্ষণ পালস না থাকার পরও সে রকম ফিজিক্যাল ড্যামেজও হয়নি। আমি মনে করি যে খুব দ্রুত উনি রিকভার করবেন…উনার মানসিক যে শক্তি দেখলাম। উনার পরিবারের সঙ্গেও কথা হয়েছে। সবাই এখন স্বস্তিতে আছেন। ডাক্তাররা নিয়মিত দেখছেন। আশা করি, খুব দ্রুত কেবিনেও ফিরে আসবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা যারা ছোটবেলা থেকে বাংলাদেশের ক্রিকেট দেখি, ক্রিকেটকে যারা একটা নতুন ধাপে নিয়ে এসেছেন, তাঁদের মধ্যে তামিম ইকবাল অন্যতম। সে জায়গা থেকে দেশের সবার দোয়া ছিল এবং কাইন্ড অব মিরাকল, অবশ্যই আল্লাহ তাআলা চেয়েছেন বলেই তিনি আমাদের মাঝে আছেন। খুব দ্রুতই আমরা হয়তো পুরাতনভাবেই তাকে দেখতে পাব; মাঠে দেখতে পাব এই প্রত্যাশা রাখছি।’

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা